পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
বুধবার (২০ নভেম্বর) বছরের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়ের পর চোটে জর্জরিত আর্জেন্টিনা দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পেরুকে ১-০ গোলে পরাজিত করেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
ম্যাচের আগে একাদশ সাজাতে বেশ বিপাকে পড়েছিলেন স্ক্যালোনি। দলের গুরুত্বপূর্ণ পাঁচজন খেলোয়াড় ইনজুরিতে থাকায় অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জিওভানি সিমিওনেকে দলে ডাকতে বাধ্য হন তিনি। তবে মাঠে সেই সমস্যা কোনো প্রভাব ফেলেনি।
প্রথমার্ধে আক্রমণের ঝড় তুলেও মেসি-মার্টিনেজরা গোলের দেখা পাননি। তবে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ এক হাফ ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের বাঁ দিক থেকে মেসির নিখুঁত ক্রসটি দারুণভাবে কাজে লাগান তিনি।
এরপরও একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা, তবে আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ শেষ হয় ১-০ ব্যবধানে, জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। অন্যদিকে, ইকুয়েডর কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে, আর কলম্বিয়া নেমে গেছে চতুর্থ স্থানে।