কেন্দুয়ার প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের নানারকম অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসহ অভিভাবকরা।
শনিবার (৬ মে) দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান শিক্ষক কামরুজ্জামানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাজিম উদ্দিন খান কাজল, শিক্ষার্থী অভিভাবক সাইদুল ইসলাম, মজিবুর রহমান, বুলবুল আহমেদ, শিক্ষার্থী রাকিব, ইমন প্রমুখ। শিক্ষার্থী রাকিব ও ইমন জানায়, আমাদের প্রধান শিক্ষক মহোদয় তিনি তার ইচ্ছে মতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন। যখন যা খুশি তাই করছেন। এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের জন্য তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে ৮শ করে টাকা নিয়েছেন।
এ বিষয়ে লিখিত অভিযোগও করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এছাড়া তিনি ফরম পূরণের জন্যও অতিরিক্ত টাকা নিয়েছেন। তাই আমরা আমাদের টাকা ফেরত চাই এবং স্বেচ্ছাচারী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। শিক্ষার্থী অভিভাবক মজিবুর রহমান বলেন, প্রধান শিক্ষক কামরুজ্জামান একজন মারাত্মক স্বেচ্ছাচারী। তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময়ে নানা অযুহাতে টাকা আদায়সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হয়রানি করে আসছেন।
এছাড়া তিনি বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন তার বাড়িতে বসে থেকে। এ বিষয়ে এলাকার লোকজন তাকে কিছু বললে তিনি এসব কর্ণপাত করেন না। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষসহ শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক কামরুজ্জামান সব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে লেগেছে। আর তারাই আমাকে বেকায়দায় ফেলতে কিছু শিক্ষার্থী ও অভিভাবকদের দিয়ে এগুলো করাচ্ছেন। আমরা কোনো শিক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্রের জন্য টাকা নেইনি এবং ফরম পূরণের জন্যও অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিষ্ঠানের পাওনা বকেয়া টাকা আদায় করা হয়েছে।
জিআর