মোহনগঞ্জের ভাটিবাংলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের ধনু ও কংস নদের তীরবর্তী গাগলাজুর ইউনিয়নের "ভাটিবাংলা হাইস্কুল" কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয়ের সভাকক্ষে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট্য শিক্ষানুরাগী মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাফরুজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধির লক্ষে করণীয় বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এমরুল হাসান চৌধুরী, শিক্ষানুরাগী মোর্শেদ আলম রঞ্জুল, মো.বাদল মির্জা, আবু তাহের তালুকদার, ইলিয়াস আহম্মেদ, আব্দুল আলীম রতন, এখলাস মিয়া, খাইরুল আমিন, মাহে-আলম, বিকাশ মাস্টার, দশম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের রহমান, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. নজির হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের সকল শ্রেণি-পেশার লোকজনের আন্তরিক প্রচেষ্টায় ২০০৫ সালে আমরা এই হাইস্কুলটি প্রতিষ্ঠা করতে সক্ষম হই। পরবর্তীতে ২০১৯ সালে এই বিদ্যালয়টি এমপিও ভুক্ত করা হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ৪১৩ জন শিক্ষার্থী রয়েছে।
অবহেলিত হাওরাঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের আলোর দিশারি। তাই ছাত্র, শিক্ষক ও অভিভাবকদেরকে অত্যন্ত দায়িত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ আমাদের সকলেকেই আরো সচেতন হতে হবে। পাশাপাশি পরীক্ষার ফলাফলের দিক থেকেও আমাদেরকে উপজেলার নামীদামী বিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগীতায় ঠিকে থাকতে হবে।
পরিশেষে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাবলু হাসান ছুটি ছাড়াই দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সভায় উপস্থিত সকলেই ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ রোধে পৌরসভায় মশা নিধন কার্যক্রম
হাফিজুর রহমান চয়ন