দুর্গাপুরে বিষপানে এক বৃদ্ধের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপানে আব্দুল বারেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল বারেক একই গ্রামের মৃত জমির আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আব্দুল বারেক। মঙ্গলবার সকালে তিনি ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বমি করতে থাকেন এবং অস্বাভাবিক আচরণ করেন।
এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৭টা) তার মরদেহ থানায় রাখা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ থানার হেফাজতে রয়েছে। নিহতের ছেলে ঢাকা থেকে আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।