নেত্রকোনায় তিন শতাধিক পরিবারকে বিজিবির কম্বল বিতরণ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামানের নেতৃত্বে ভারতীয় সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন অঞ্চলে তিন শতাধিক দুস্থ, অসহায়, হতদরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, চলতি শীত মওসুমে নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় তীব্র শীত ও শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অসহায় মানুষের সহায়তায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায়, বুধবার সকাল ১১টায় পারলা বিজিবি ক্যাম্পে ১০০ জন দুস্থ, অসহায়, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান, সহকারী পরিচালক মো. আওয়াল হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর উদ্যোগে ভারতীয় সীমান্তবর্তী চারুয়াপাড়া, বিজয়পুর, লেঙ্গুরা ও পাঁচগাঁওসহ প্রত্যন্ত এলাকায় আরও ২০০ জন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
শেখ শামীম