১১ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়ে আসছে পরিবর্তন
দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা, সিলেট এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্যপদে নতুন চেয়ারম্যান নিয়োগ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নয়টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ কার্যক্রম জানুয়ারির প্রথমার্ধেই চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (কলেজ অনুবিভাগ) যুগ্ম সচিব মো. নুরুজ্জামান জানান, “দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং এ লক্ষ্যে কাজ চলছে।”
বর্তমানে ঢাকা, সিলেট এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ শূন্য। বোর্ডগুলোর আগের চেয়ারম্যানরা সম্প্রতি অবসরে গেছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম আগামী ৩১ জানুয়ারি অবসরে যাবেন।
নুরুজ্জামান বলেন, “ঢাকা, সিলেট এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। নিয়োগ চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন, যা অপেক্ষমাণ রয়েছে।”
এদিকে, যশোর বোর্ডের অধ্যাপক মর্জিনা আক্তার, কুমিল্লা বোর্ডের অধ্যাপক নিজামুল করিম, ময়মনসিংহ বোর্ডের অধ্যাপক আবু তাহের এবং রাজশাহী বোর্ডের অধ্যাপক অলীউল আলমকে প্রেষণ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার প্রজ্ঞাপন জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
নুরুজ্জামান আরও জানান, “একই প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যানদের নিয়োগ ও বর্তমানদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়া চূড়ান্ত করার পরই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।”
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধ্যাপক স. ম. আব্দুস সামাদ আজাদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রকিব উল্লাহকে প্রত্যাহার নিয়েও আলোচনা চলছে।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগের প্রক্রিয়া কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। শূন্য থাকা তিনটি বোর্ডসহ অন্যান্য বোর্ডের জন্য নিয়োগ প্রজ্ঞাপন একত্রে বা পৃথকভাবে প্রকাশ করা হতে পারে।
সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের ভিত্তিতেই এসব পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুগ্ম সচিব নুরুজ্জামান।
আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
দুর্জয় বাংলা