বারহাট্টায় ২০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক দুই
নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের অভিযানে গত রোববার রাত আড়াইটার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের বাউসী সেতু এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি কাভার্ডভ্যানকে রোববার রাত আড়াইটার দিকে বারহাট্টা থানার এসআই মোহাম্মদ নবী হোসেন চেকপোস্টে ডিউটি করার সময় বাউসী ব্রিজের উত্তরপাড়ে সিগন্যাল দিলে চালক দৌড়ে পালিয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানসহ আনুমানিক ২১ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৮শ কেজি আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের মো. বিপ্লব মিয়া (৩২) ও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চর ধোপাকান্দি গ্রামের মো. জামাল তালুকদার (৪৮) ।
ওসি মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে সোমবার বারহাট্টা থানার এসআই মোহাম্মদ নবী হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানির মামলা দায়ের করেছেন। ওইদিন বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী কৃষি শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার