পূর্বধলায় ছাত্র আন্দোলন মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় ছাত্র আন্দোলনের হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল।
গত শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ তাকে ময়মনসিংহের কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করে।
পরদিন রবিবার সন্ধ্যায় তাকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ নিশ্চিত করেছেন।
এটিএম ফয়জুর সিরাজ জুয়েল পূর্বধলা উপজেলার প্রাক্তন সংসদ সদস্য এবং পূর্বধলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সিরাজুল ইসলামের সন্তান। তিনি পূর্বধলা উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা-শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়।
মামলাটি করেন নেত্রকোনা এন আকন্দ কামিল মাদ্রাসার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানজির আহমেদ মাহমুদ, যিনি দুর্গাপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের পুত্র। গত ২৬ অক্টোবর পূর্বধলা থানায় করা এই মামলায় গৌরীপুর ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৫ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকেও আসামি করা হয়।
ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানিয়েছেন, এটিএম ফয়জুর সিরাজ জুয়েলকে ছাত্র আন্দোলনে মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ তুমি কোনটা নেবে...?