শেরপুর সীমান্তে পৌনে ১ কোটি টাকার শাড়িসহ যুবক আটক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে পৌনে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপসহ লিমন সিমসাং (৩৫) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। লিমন সিমসাং ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। এ তথ্য ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ছোট গজনী এলাকায় লিমন সিমসাং অভিনব কায়দায় ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা করেন। গোপন তথ্যের ভিত্তিতে তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান চালিয়ে এক হাজার ১৮৯ পিস শাড়ি ও একটি মিনি পিকআপসহ তাকে হাতেনাতে আটক করে।
উদ্ধার হওয়া শাড়ির বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা এবং পিকআপের মূল্য সাড়ে ১৬ লাখ টাকা। বিজিবি জানায়, লিমন চোরাচালানের মাধ্যমে মালামাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিলেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ি ও পিকআপসহ আটক যুবককে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুনঃ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
মোহাম্মদ দুদু মল্লিক